রাজধানীতে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বড় একটি আন্তর্জাতিক চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অভিযানে ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ মে) ডিবির সাইবার ক্রাইম বিভাগ উত্তরার ১৩ নম্বর সেক্টর এবং তুরাগের বিভিন্ন স্থানে ধারাবাহিক এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত চীনা নাগরিকরা হলেন—এম এ জি, ঝাং জিয়াহাও, লিও জিনজি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু। এছাড়া তাদের তিন বাংলাদেশি সহযোগী মো. কাউসার হোসেন, মো. আবদুল করিম ও রোকন উদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। অভিযানে তাদের কাছ থেকে ভিওআইপি জিএসএম গেটওয়ে মেশিনসহ বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৬৪-পোর্ট ও ২৫৬-পোর্টের জিএসএম মডিউল মেশিন। এছাড়া ২৮০টি সিম কার্ড, ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, পাসপোর্ট এবং জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন