
অল ক্রাইমস.টিভি ডেস্ক
জাতীয় নিরাপত্তা রক্ষা এবং দুর্যোগকালীন সংকটে সশস্ত্র বাহিনীর বহুমুখী অবদান জনগণের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। আইএসপিআর-এ পৌঁছালে তাঁদের স্বাগত জানান পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনী কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং দেশের দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনেও পেশাদারত্বের সাথে কাজ করে দেশের মর্যাদা বৃদ্ধি করছে। তবে তথ্য প্রবাহের সীমাবদ্ধতার কারণে অনেক সময় এই অর্জনগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। তিনি আইএসপিআর-কে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আরও আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। সঠিক সময়ে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণের সাথে সশস্ত্র বাহিনীর সেতুবন্ধন আরও দৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিদপ্তরের বিভিন্ন শাখা পরিদর্শন শেষে তিনি গবেষণা, ডিজিটাল যোগাযোগ এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রম শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও এ সময় বিস্তারিত আলোচনা হয়।





