চট্টগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পৃথক দুটি অভিযানে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ১১ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুটি দেশীয় বন্দুক ও কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এই অভিযানগুলো পরিচালনা করে। প্রথম অভিযানে চক্রেশো আবাসিক এলাকার জি এম ভবনের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ‘বি-ক্লাস হাসান’সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে দুটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং একটি বৈদ্যুতিক শক মেশিন পাওয়া গেছে।

অন্যদিকে, একই রাতে অক্সিজেন এলাকার রৌফাবাদে বাগদাদ হোটেলের সামনে থেকে আরও ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির ধারায় পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন