সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ আদালতের

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঢালিউডের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুন নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ মে) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার কোনো প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই দিন ধার্য করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডের বাসায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ২৯ বছর ধরে এই মামলাটি আত্মহত্যা বনাম হত্যাকাণ্ডের আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। শুরুতে এটিকে অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হলেও সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। যদিও সিআইডি তাদের প্রতিবেদনে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করেছিল। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে গত বছর মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং এটি ‘হত্যা মামলা’ হিসেবে রাজধানীর রমনা থানায় নথিভুক্ত করা হয়।

বর্তমানে সালমানের মামা মোহাম্মদ আলমগীর এই মামলার বাদী হিসেবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। মামলায় সালমানের স্ত্রী সামীরা হক, বিতর্কিত চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, ১৯৯৬ সালের সেই সকালে বাসায় সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং পরে সেটিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন