কলকাতা হাইকোর্ট চত্বরে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কলকাতা হাইকোর্টে পেশাদার আইনজীবীর পোশাকে উপস্থিত হয়ে ঐতিহাসিক সওয়াল শেষে আদালত চত্বর ত্যাগ করার সময় এক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৪ মে) ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রাঙ্গণে উপস্থিত একদল লোক তাকে লক্ষ্য করে ‘চোর’, ‘চোর’ স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ উঠেছে। এই আকস্মিক ঘটনায় আদালত চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে সাবেক মুখ্যমন্ত্রী দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন এবং যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘ওরা আমাকে আক্রমণ করেছে।’

তৃণমূল কংগ্রেস এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মমতার সঙ্গে উপস্থিত থাকা তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, বিজেপি সমর্থিত কিছু আইনজীবী ইচ্ছাকৃতভাবে সাবেক মুখ্যমন্ত্রীকে হেনস্তা করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালত প্রাঙ্গণ কাউকে প্রকাশ্যে গালিগালাজ করার জায়গা নয়। তাকে নিরাপদে বের করে আনতে দলীয় নেতাকর্মী ও নিরাপত্তা কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীও এই ঘটনার নিন্দা জানিয়ে প্রশ্ন তোলেন যে, খোদ আদালত চত্বরে যদি সাবেক একজন মুখ্যমন্ত্রী নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে ভোট-পরবর্তী সহিংসতা বন্ধে বিচারবিভাগীয় হস্তক্ষেপ কামনা করেন। তিনি রাজ্যে নারী ও সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে ধরে জরুরি সুরক্ষার আবেদন জানান। শুনানি চলাকালীন পরিবেশ শান্ত থাকলেও প্রাঙ্গণ ত্যাগের সময় এমন স্লোগান এবং পাল্টাপাল্টি অভিযোগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার প্রেক্ষাপটে তৃণমূল ও বিজেপির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন