যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

0

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার তার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। সফরকালে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন বলেও দাবি করা হয়েছে।

নেতানিয়াহু জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে দুই পক্ষের মধ্যে একটি ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। তবে তার এ দাবি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এমন কোনো সফরের অস্তিত্ব নেই। তারা বলেছে, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক কোনো গোপন বা অনানুষ্ঠানিক যোগাযোগের ওপর ভিত্তি করে নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা বহুল আলোচিত আব্রাহাম চুক্তির মাধ্যমেই পরিচালিত হচ্ছে।

এদিকে যুদ্ধ চলাকালে আমিরাতে একাধিক হামলা চালিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। পরে বাহরাইন, মরক্কো ও সুদানও একই ধরনের চুক্তিতে যোগ দেয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। এসব প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও দেশটিতে প্রবেশ করে বলে জানা গেছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন