বিশ্বকাপের নকল ট্রফি ছড়াচ্ছে উন্মাদনা, জয়ের অপেক্ষায় ব্রাজিল

0

অল ক্রাইমস. টিভি ডেস্ক

রিও ডি জেনেইরো–এর এক কারিগর জারবাস মেনেঘিনি নিজের কারখানায় বিশ্বকাপ ট্রফির নকল প্রতিরূপ তৈরি করে আলোচনায় এসেছেন। তার দাবি, এখন পর্যন্ত তিনি প্লাস্টার দিয়ে প্রায় তিন হাজার ট্রফি তৈরি করেছেন, যা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবার ব্রাজিলের শিরোপা জয়ের আশাও দেখছেন তিনি।

মেনেঘিনি জানান, ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল অধিনায়ক ডুঙ্গা–কে ট্রফি হাতে দেখে তার মাথায় এই ব্যবসার ধারণা আসে। পরে ধাতব কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেই ট্রফির প্রতিরূপ বানানো শুরু করেন। বর্তমানে তার তৈরি ট্রফি ১৭টি দেশে বিক্রি হচ্ছে। কিছু ট্রফি সোনালি রঙে সাজানো হয়, আবার কিছুতে চকচকে বিশেষ আবরণ দেওয়া হয়।

রিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়াম–এর কাছেই কাজ করেন এই কারিগর। পর্যটক ও ফুটবলভক্তদের কাছেও তার ট্রফির বেশ চাহিদা রয়েছে। মেনেঘিনির ভাষায়, একই ছাঁচ ব্যবহার করে হাজার হাজার ট্রফি তৈরি করা সম্ভব হয় এবং প্রতিটি ট্রফিতেই থাকে আলাদা আকর্ষণ।

দীর্ঘদিন ধরে বিশ্বকাপ জিততে না পারলেও এবার ব্রাজিলকে ঘিরে নতুন আশা দেখছেন দেশটির সমর্থকরা। সেই আশার প্রভাব পড়েছে ট্রফির বাজারেও। সাধারণত একেকটি বিশ্বকাপের আগে তিনি ১০০ থেকে ২০০ ট্রফি তৈরি করলেও এবার প্রায় ৬০০ ট্রফি বানানোর পরিকল্পনা করেছেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন