বিশ্বকাপের খেলা দেখা নিয়ে দুশ্চিন্তা, বঞ্চিত হতে পারেন বাংলাদেশের দর্শক

0

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগের কথা কারও অজানা নয়। শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও এখন পরিচিত বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা। বিশ্বকাপ এলেই দেশজুড়ে তৈরি হয় এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের পতাকা, জার্সি, বাড়ির ছাদে ছাদে সমর্থনের প্রদর্শন আর রাত জেগে খেলা দেখার অভ্যাস—সব মিলিয়ে বিশ্বকাপ যেন বাংলাদেশের মানুষের আবেগেরই অংশ।

তবে ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে এবার কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। চার বছর পর আবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এবারের আসরটি বিশেষ, কারণ প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

তবে বাংলাদেশের দর্শকরা এই বিশ্বকাপ সরাসরি দেখতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জানা গেছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এখনও সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি। কোনো বেসরকারি টেলিভিশন বা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মও এখনো এই স্বত্ব নেয়নি।

নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার অন্য দেশে সরাসরি দেখানো যায় না। ফলে স্থানীয় কোনো প্রতিষ্ঠান স্বত্ব না নিলে বাংলাদেশের দর্শকদের জন্য খেলা দেখা কঠিন হয়ে যেতে পারে।

জানা গেছে, বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক স্প্রিংবক পিটিই লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকেই স্বত্ব কিনতে হবে।

প্রতি আসরেই বিশ্বকাপ সম্প্রচার করে থাকে বাংলাদেশ টেলিভিশন। তবে এবার উচ্চমূল্যের কারণে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। একটি সূত্র জানায়, স্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করা হয়েছে। কর ও অন্যান্য খরচ যোগ হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

চুক্তি অনুযায়ী, মোট অর্থের অর্ধেক ১০ মে’র মধ্যে এবং বাকি অংশ ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এই স্বত্বের আওতায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ মোট ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার এবং হাইলাইটস দেখানোর সুযোগ থাকবে।

এদিকে ব্যয় বেশি হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফিফার সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বিনামূল্যে সম্প্রচারের কোনো সুযোগ আছে কি না, তা যাচাইয়ের চেষ্টা চলছে। এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশন ফিফাকে দুইটি ই-মেইল পাঠালেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের মতে, দ্রুত সিদ্ধান্ত না এলে কোটি কোটি দর্শক এবারের বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন