সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বসনিয়া

0

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বসনিয়া ও হার্জেগোভিনা ২০২৬ বিশ্বকাপের জন্য সবার আগে তাদের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সোমবার অভিজ্ঞতা, তারুণ্য ও নতুন মুখের সমন্বয়ে দল ঘোষণা করেন কোচ সের্গেই বারবারেজ।

দলে জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো। পাশাপাশি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এরমিন মাহমিচ। অস্ট্রিয়ায় জন্ম নেওয়া মাহমিচ এর আগে অস্ট্রিয়ার বয়সভিত্তিক দলে খেললেও সম্প্রতি বসনিয়ার হয়ে খেলার অনুমোদন পেয়েছেন।

কোচ বারবারেজ জানান, মাহমিচ দলে যোগ দিতে পেরে দারুণ খুশি। তিনি মূলত মাঝমাঠের আক্রমণভাগে খেলেন এবং আগামী দিনে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন কোচ।

এর আগে ২০১৪ সালে একমাত্রবারের মতো বিশ্বকাপে খেলেছিল বসনিয়া। সেই দলের সদস্য ছিলেন জেকো ও ডিফেন্ডার সিড কোলাসিনাচ। এবারও তারা দলে আছেন।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বসনিয়া। প্রথমে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে এবং পরে পানামার মুখোমুখি হবে দলটি। আগামী ১২ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বসনিয়া।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন