
অল ক্রাইমস.টিভি ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়াতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া চার দফা প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ইরান।
সোমবার (১১ মে) বেইজিংয়ে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই সমর্থনের কথা নিশ্চিত করেন। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে এক বৈঠকে এই শান্তি পরিকল্পনা উত্থাপন করেন। চীনের এই চার দফা প্রস্তাবে মূলত চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলা, প্রতিটি দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, আন্তর্জাতিক আইনের শাসন অনুসরণ এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সঠিক সমন্বয় নিশ্চিত করা। তেহরান মনে করছে, এই প্রস্তাবগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়নের পথ সুগম করবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো প্রতিক্রিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় পাঠানো ইরানের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন যে, তেহরানের প্রতিনিধিদের দেওয়া জবাব তার পছন্দ হয়নি। ইরান তাদের জবাবে স্পষ্ট করেছে যে, যেকোনো আলোচনার মূল লক্ষ্য হতে হবে চলমান যুদ্ধ বন্ধ করা এবং লেবাননে ইসরায়েলি হামলাসহ সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। এছাড়া পারস্য উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে তেহরান। ইরান প্রস্তাব দিয়েছে যে, পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরবর্তী ধাপে আলোচনা করা যেতে পারে, যা ওয়াশিংটন মানতে নারাজ।





