
অল ক্রাইমস.টিভি ডেস্ক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে দুমকী থানায় এই মামলাটি করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান আসামিদের মধ্যে রয়েছেন বহিষ্কৃত যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফ এবং উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক বশির উদ্দিনসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। মামলার পরপরই গোলাম কিবরিয়া নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার উপাচার্য কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করছিলেন। অভিযোগ উঠেছে, সালাউদ্দিন রিপন শরীফ ও তাঁর অনুসারীরা ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এই হামলায় বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন এবং সরকারি মালামাল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যত ‘শাটডাউন’ অবস্থায় রয়েছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ইতোমধ্যে এই হামলায় জড়িত পাঁচ নেতা-কর্মীকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বশির উদ্দিন, আহসান ফারুক, সুলতান শওকত, মুসা ফরাজী এবং হেলেনা খানম। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দীন জানিয়েছেন, অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।





