বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

0

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ ও কার্যকর করার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

এছাড়াও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন