
অল ক্রাইমস.টিভি ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট ও বিপণিবিতানে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকালে ঢাকা ও গাজীপুর থেকে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৪ মে) মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, অভিযানে ৩৪ লাখ জাল টাকাসহ একটি সক্রিয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মজিবুর রহমান, দুলাল মৃধা ও মো. মামুন। ডিবির তথ্যানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার সমবায় বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মজিবুরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে বাকি দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে জাল নোট সরবরাহ করে আসছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মজিবুরের কাছ থেকে ৪ লাখ জাল টাকা এবং জাল নোট বিক্রির ৪০ হাজার আসল টাকা উদ্ধার করা হয়। এরপর গাজীপুরের আস্তানায় অভিযান চালিয়ে আরও ৩০ লাখ জাল টাকা এবং নোট তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করে ডিবি। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, তিনটি রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ এবং জলছাপ তৈরির ডাইস। বিশেষ ক্ষমতা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় পূর্বের একাধিক মামলা রয়েছে বলেও ডিবি নিশ্চিত করেছে। কোরবানির ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে প্রতারিত করার বড় ধরনের ছক সাজিয়েছিল এই চক্রটি।





