শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে সন্তানের জন্য দুধ ও স্ত্রীর জন্য কাপড় কিনতে বাড়ি থেকে বের হওয়া এক অটোরিকশাচালকের নৃশংস গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকার একটি গজারি বনের পাশ থেকে আসিফ হোসেন (২১) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসিফ ডোয়াইবাড়ি বগারভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি গত দেড় মাস ধরে অটোরিকশা চালিয়ে নিজের পরিবারের জীবিকা নির্বাহ করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্ত্রীর সাথে খাবার খেয়ে বিকেলে অটোরিকশা নিয়ে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ফেরার সময় তার সাত মাস বয়সি কন্যাসন্তানের জন্য দুধ এবং স্ত্রী ও মায়ের জন্য নতুন কাপড় কিনে আনার কথা ছিল। কিন্তু রাত ১০টা বেজে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন এবং তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। রাত ২টার পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম জানান, রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আসিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে আসিফের শ্যালক জিসান স্থানীয় গজারি বনের ভেতরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের পাশেই একটি পরিত্যক্ত বাড়ি থেকে আসিফের অটোরিকশাটি উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত হিসেবে নারীদের ব্যবহৃত স্পঞ্জের স্যান্ডেল, পুরুষের দুই জোড়া স্যান্ডেল, একটি ক্যাপ এবং একটি হলুদ রঙের ওড়না উদ্ধার করা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, মরদেহের ডান হাতের কনুইয়ে কামড়ের দাগ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে মৃত্যুর আগে খুনিদের সাথে তার ধস্তাধস্তি হয়েছিল। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এর সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আসিফের বাড়িতে এখন চলছে শোকের মাতম।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন