
অল ক্রাইমস. টিভি ডেস্ক
আকাশপথের বিধিনিষেধ ও জেট জ্বালানির উচ্চমূল্যের কারণে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো ও সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
সংস্থাটি জানিয়েছে, মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের ফ্লাইটও কমানো হয়েছে।
এ ছাড়া দিল্লি-শিকাগো ফ্লাইট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এবং ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কিছু রুটেও ফ্লাইট সংখ্যা হ্রাস করা হয়েছে।
তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হচ্ছে—এমন গুঞ্জন সঠিক নয়। সংস্থাটি নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছে।
যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন হয়েছে, তারা বিকল্প ফ্লাইট, তারিখ পরিবর্তন অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ পাবেন।





