প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে নতুন দিগন্ত: ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন প্রক্রিয়াকে বেগবান করার লক্ষ্যে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ নামক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক মানোন্নয়ন এবং তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের মূল পর্ব শুরুর আগে তিনি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রদর্শিত বিভিন্ন শিক্ষাসামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের স্টলগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বক্তারা প্রতিবন্ধী শিশুদের অধিকার রক্ষা এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন।

মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচিটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন