ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

0

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তার বয়স ছিল ২৫ বছর।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পিলার ৯০৫/৬ এসের প্রায় ১৫০ গজ ভারতের ভেতরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ চলছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন