স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর পদ্মা সেতু থেকে ঝাঁপ দেন ফোরকান

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফোরকান মিয়ার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। পুলিশি তদন্ত ও সংগৃহীত ভিডিও ফুটেজে দেখা গেছে, পদ্মা সেতুর ওপর এক ব্যক্তি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সরাসরি নদীতে ঝাঁপ দেন। নিখোঁজ হওয়ার সময় তার সাথে একটি ব্যাগ ও জামাকাপড় ছিল। পরবর্তীতে পদ্মা সেতুর ওপর থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিত্যক্ত অবস্থায় ফোরকানের ব্যবহৃত ব্যাগ ও পোশাক উদ্ধার করে। এর সূত্র ধরেই তল্লাশি চালিয়ে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার পর থেকেই পলাতক ছিলেন ফোরকান মিয়া। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং অপরাধীকে শনাক্ত করতে প্রযুক্তির সহায়তায় ব্যাপক অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ব্যাগ ও পোশাকের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, পদ্মা সেতু থেকে ঝাঁপ দেওয়া ব্যক্তিটিই ছিলেন অভিযুক্ত ফোরকান। এই ঘটনার মধ্য দিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামির জীবনের অবসান ঘটল বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন