
অল ক্রাইমস.টিভি ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল শিল্প-কারখানার শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ নিশ্চিত করতেও মালিকপক্ষকে কড়া নির্দেশনা প্রদান করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৫তম এবং তৈরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী স্পষ্ট করে জানান, শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো প্রকার বিলম্ব সহ্য করা হবে না এবং শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে এই সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে।
সভায় উপস্থিত শ্রমিক নেতারা অভিমত ব্যক্ত করেন যে, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বা আন্দোলনের কোনো শঙ্কা থাকবে না। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন জমে আছে, সেগুলোর বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করেন তারা। এছাড়া ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে শ্রমিকদের জন্য বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করার জোরালো দাবি জানান প্রতিনিধিরা। শ্রমিকদের বাড়ি ফেরা সহজ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, ঈদে বিভিন্ন রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও জানান, সড়কে যানজট নিয়ন্ত্রণ ও জনভোগান্তি কমাতে মালিক ও শ্রমিকপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে কারখানায় ছুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বেতন-বোনাস পরিশোধ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সভায় আশ্বস্ত করেন যে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানে ফজলে শামীম এহসান, আনোয়ার হোসাইনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





