কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছিল: চিফ হুইপ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, একটি স্বার্থান্বেষী মহলের গভীর ষড়যন্ত্রের কারণে দেশে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ নূরুল ইসলাম মনি অভিযোগ করেন যে, পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য যে ২ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ লাইন তৈরি হয়েছিল, তা মূলত পরিকল্পিতভাবে করা হয়েছিল। তবে সরকার ও সংশ্লিষ্ট সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাত্র তিন দিনের মাথায় সেই দীর্ঘ সারি অদৃশ্য হয়ে যায়। তিনি স্পষ্ট করে বলেন, এই তেল বিদেশ থেকে আনা হয়নি, বরং দেশেই মজুদ ছিল; কিন্তু কৃত্রিমভাবে সংকট দেখিয়ে জনমনে অস্থিরতা তৈরি করা হয়েছিল।

উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের উপকূলভিত্তিক উন্নয়নকে আরও গতিশীল ও জোরালো করতে একটি আলাদা মন্ত্রণালয় গঠন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জোরালো দাবি জানানো হয়েছে। চিফ হুইপের মতে, উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদ যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে রাষ্ট্রীয় বাজেটের প্রায় দ্বিগুণ আয় করা সম্ভব। এ ছাড়া সীমান্তে চোরাচালান কঠোরভাবে বন্ধ করতে পারলে সরকারের রাজস্ব আয় বহুগুণ বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তত ১০০টি যুগান্তকারী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন, যার অনেকগুলোই বর্তমানে বাস্তবায়নাধীন। প্রতিটি মন্ত্রণালয়ে এখন ব্যাপক কর্মযজ্ঞ চলছে। বরগুনা জেলাকে একটি ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তবে উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও এটিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।

বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. অলিউল্লাহ্ এবং জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অপসাংবাদিকতা ও ভুল তথ্য ছড়ানোর মতো জটিল বিষয়গুলো রোধেও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে বলে চিফ হুইপ সকলকে আশ্বস্ত করেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন