
অল ক্রাইমস. টিভি ডেস্ক
যে বাড়িতে কয়েকদিন পর বিয়ের আনন্দে মুখর থাকার কথা ছিল, সেই বাড়িতেই এখন শুধুই শোক আর কান্না। নেই কোনো বিয়ের প্রস্তুতির ব্যস্ততা, নেই আনন্দের কোলাহল। পরিবারের সদস্যরা এখন অপেক্ষা করছেন চার ভাইয়ের মরদেহ দেশে ফেরার।
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশি সহোদরের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
ওমানে থাকা নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে পরিবারের কাছে এ মর্মান্তিক খবর পৌঁছে। পরে বিষয়টি নিশ্চিত করেন লালানগর ইউনিয়নের মো. ইয়াকুব।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন চার ভাই। সম্প্রতি তাদের এক ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় পরিবারে আনন্দের পরিবেশ ছিল। খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল আটটার দিকে একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এতে গ্যাস লিকেজ বা বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ওমান পুলিশ।
বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে। সেগুলো রাজধানী মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





