জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

0
অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঝোপের মধ্যে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম আবর্তন) এক নারী শিক্ষার্থী গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে ক্যাম্পাসের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন। বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় পৌঁছালে এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করেন। অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও পাশের বিশমাইল এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে কথোপকথনের এক পর্যায়ে জাল বা কাপড় সদৃশ বস্তু দিয়ে শিক্ষার্থীর গলা পেঁচিয়ে রাস্তার পাশের ঝোপে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিক্ষার্থীর আর্তচিৎকার শুনে মোটরসাইকেলে যাতায়াতকারী কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হোসেন তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনার পর রাতেই প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা পায়। নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী জানান, ফুটেজে এক ব্যক্তিকে শিক্ষার্থীকে টেনে নিয়ে যেতে দেখা গেছে এবং এর ভিত্তিতে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে অত্যন্ত ন্যাক্কারজনক হিসেবে অভিহিত করে জানান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত বহিরাগত।
এই ঘটনার প্রতিবাদে ও দোষীর দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও বহিরাগত নিয়ন্ত্রণসহ নিরাপত্তা জোরদারের জোরালো দাবি জানিয়েছেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ১০ সদস্যের একটি বিশেষ টিমের পাশাপাশি র্যাবও মাঠে কাজ করছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন