
অল ক্রাইমস.টিভি ডেস্ক
দুই দশকেরও বেশি সময় ধরে রাজধানীর লালবাগে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ঢাকার জেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি এই জমি পুনরুদ্ধার করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি জমিটি দীর্ঘদিন ধরে মদিনা গ্রুপ অবৈধভাবে দখল করে ব্যবহার করছিল। এই দখলমুক্ত করার লক্ষ্যে গত ১৩ এপ্রিল উচ্ছেদ মোকদ্দমার অধীনে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়েছিল। দখলদার পক্ষ উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে উচ্ছেদ ঠেকানোর চেষ্টা করলেও, গত ১২ মে চেম্বার জজ আদালত সেই স্থগিতাদেশ স্থগিত করে দেন। আদালতের সবুজ সংকেত পাওয়ার পরপরই বুধবার ভারী যন্ত্রপাতি নিয়ে অভিযান চালিয়ে স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসক ফরিদা খানম সংবাদমাধ্যমকে জানান, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ এবং এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কুক্ষিগত করার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, “এই অভিযান দখলদারদের জন্য একটি কড়া বার্তা। প্রভাবশালী হোন বা না হোন, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অবৈধভাবে দখলকৃত প্রতিটি ইঞ্চি সরকারি জমি উদ্ধার করা হবে।” তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে এবং দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
লালবাগের স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রভাবশালী হওয়ার কারণে এতদিন কেউ এই দখলের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। দীর্ঘ ২০ বছর পর বিশাল এই স্থাপনা গুঁড়িয়ে দেওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষ মনে করছেন, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি অন্যান্য দখলদারদের জন্যও একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।





