একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন, রাজবাড়ীতে আনন্দমিছিল ও দোয়া মাহফিল

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

একনেকে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায় অনুমোদন পাওয়ায় রাজবাড়ী জেলাজুড়ে আনন্দমিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই মেগা প্রকল্পটি অনুমোদন পায়। বর্তমান বিএনপি সরকার গঠনের পর এটিই তৃতীয় একনেক বৈঠকে অনুমোদিত প্রথম বড় কোনো প্রকল্প। পুরোপুরি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের কাজ চলতি বছরের জুলাই মাসে শুরু হয়ে ২০৩৩ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই খবর ছড়িয়ে পড়ার পর রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জেলাবাসীকে অভিনন্দন জানান।

প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ নির্মাণ করা হবে, যাতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং ২টি ফিশ পাস। এই বাঁধের মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে এবং ১১৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। সংরক্ষিত এই পানি হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতী, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী—এই পাঁচটি নদীর পানিপ্রবাহ পুনরুজ্জীবিত করতে ব্যবহৃত হবে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এই নদীগুলোতে প্রায় ৮০০ কিউসেক মিটার পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

এই ঐতিহাসিক অর্জনে বুধবার বাদ আসর রাজবাড়ী ও পাংশা উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম মিয়া। এছাড়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি বিশাল আনন্দমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও পান্না চত্বর প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ মেগা প্রকল্পটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন