১ কোটি ১ লাখ টাকার সামুদ্রিক ইলিশ জব্দ: বিতরণ করা হলো এতিমখানায়

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ধরা প্রায় ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড, যার বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা।

সামুদ্রিক মৎস্য সম্পদের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা সফল করতে বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তর ভোলা সদর থানার পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রাত ১০টার দিকে সন্দেহভাজন তিনটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ এই সামুদ্রিক ইলিশ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। পরবর্তীতে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং এলাকার গরিব ও দুস্থ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়। মৎস্য সম্পদ রক্ষায় সরকারের এই কঠোর অবস্থানে কোস্ট গার্ড তাদের অভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন