
অল ক্রাইমস.টিভি ডেস্ক
খুলনায় নিজের জমজ দুই শিশুকে হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কণাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত কানিজ ফাতেমা কণা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামানের মেয়ে।
আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালে কণার সাথে বাগেরহাটের মোল্লাহাটের মাসুম বিল্লাহর বিয়ে হয়। ২০২১ সালের ডিসেম্বরে কণা জমজ কন্যা সন্তানের জন্ম দেন। সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকাকালীন কণা বারবার তার স্বামী মাসুমকে তাদের নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু স্বামী মাসুম তাদের নিতে গড়িমসি শুরু করলে পারিবারিক টানাপোড়েন তৈরি হয়। এরই একপর্যায়ে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কণার বোন মাসুমকে ফোন করে জানান যে শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরদিন ভোরে কণার বাবার বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় শিশুদের পিতা মাসুম বিল্লাহ বাদী হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩১ মার্চ পুলিশ কণার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।





