ইসি চায় ৫০০ কোটি, ফেরত দিলেন প্রধানমন্ত্রী

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনি সরঞ্জামাদির সুরক্ষায় নির্বাচন কমিশনের (ইসি) প্রায় ৫০০ কোটি টাকার একটি নির্মাণ প্রকল্প ফেরত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ‘নির্বাচনি ডাটাবেজের জন্য উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয় ও সার্ভার স্টেশন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি উত্থাপন করা হয়। তবে প্রধানমন্ত্রী এই প্রকল্পের যৌক্তিকতা ও ধরন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে এটি ফেরত পাঠান। সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এই প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৪৯২ কোটি ৮৩ লাখ ৭৭ টাকা। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য ছিল।

প্রকল্পের আওতায় সারাদেশে ১টি আঞ্চলিক অফিস, ৩টি জেলা অফিস এবং ৪৫টি উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণের পরিকল্পনা ছিল। এছাড়া ১৬টি মেট্রোপলিটন থানার জন্য ফ্লোর-স্পেস ক্রয়, ভূমি অধিগ্রহণ এবং কম্পিউটার সরঞ্জাম কেনার প্রস্তাব করা হয়েছিল। মূলত ২০০৮ সাল থেকে তৈরি করা জাতীয় তথ্যভাণ্ডারকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা এবং ইভিএম ও ব্যালট বক্সের মতো মূল্যবান নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের জন্য এই স্থায়ী অবকাঠামো গড়ার উদ্যোগ নিয়েছিল ইসি। বর্তমানে যেসব এলাকায় স্থায়ী অবকাঠামো নেই, এমন ৬৫টি উপজেলা ও থানায় এই প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় এই প্রকল্পের বিষয়ে দ্বিমত পোষণ করে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে প্রতিটি সরকারি দপ্তরের জন্য আলাদা আলাদা ভবন নির্মাণ করে জমির অপচয় করা যাবে না। তার পরিবর্তে একটি বড় ও সমন্বিত ভবন নির্মাণ করতে হবে, যেখানে উপজেলার সকল সরকারি অফিস অবস্থান করবে। এর ফলে নাগরিকরা এক ছাদের নিচ থেকেই সব সেবা পাবেন এবং জনগণের ভোগান্তি কমবে। এছাড়া নির্বাচন কমিশনের ডেটা সেন্টারগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে না রেখে একটি নির্দিষ্ট ও সুরক্ষিত স্থানে সমন্বিতভাবে পরিচালনা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকারি সম্পদের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন