‘ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনকারী কুকি-চিন এজেন্ট’: এক্স-ফোর্সেস এসোসিয়েশন

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলার আবেদনকারী উসাইমং মারমাকে নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এজেন্ট বলে দাবি করেছে এক্স-ফোর্সেস এসোসিয়েশন।

বুধবার (১৩ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস এসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে যে মামলার আবেদন করা হয়েছিল, তার নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। উসাইমং মারমা মূলত কেএনএফ-এর একজন এজেন্ট হিসেবে কাজ করছেন। সাইফ সাংবাদিকদের অনুরোধ করেন উসাইমং মারমার ব্যাকগ্রাউন্ড এবং অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত অনুসন্ধান চালাতে। তিনি উল্লেখ করেন যে, এটি মূলত পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর একটি পরিকল্পিত অপচেষ্টা, যার লক্ষ্য সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করা।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, গত ৭ মে আদালত এই মামলার আবেদনটি খারিজ করে দিয়েছে। সাইফুল্লাহ খান সাইফ বিমানবাহিনীর সঙ্গে ‘চরমপন্থাকে’ জড়িয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারিত সংবাদগুলোকে গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া এ ধরনের তথ্য ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। এছাড়া প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচারিত খবরগুলোকে ‘অসত্য ও ভুঁইফোড়’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ যখন ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করছে, ঠিক তখনই একটি নির্দিষ্ট গোষ্ঠী ফাইটার প্লেন ক্রয় ও প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে অপপ্রচার চালাচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন, এ বাহিনী জাতির আস্থার শেষ ভরসা। তারা দেশবাসীকে যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন