দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ও সহায়তা কার্যক্রম

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সীমান্তঘেঁষা তাইন্দংয়ের দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

মঙ্গলবার (৬ মে) সকালে মাটিরাঙ্গার তাইন্দংয়ের সুধীল রঞ্জন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পরে মানবিক সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামিম ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিনের নেতৃত্বে প্রায় তিন শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রমে আরও অংশ নেন ক্যাপ্টেন সাদিয়া আফরিন এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

ক্যাম্প চলাকালীন উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

তিনি বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন