
অল ক্রাইমস.টিভি ডেস্ক
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন ওয়াকার-উজ-জামান। সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান গতকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর প্রতিনিধি হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিফেন্স সার্ভিসেস এশিয়া (DSA) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (NATSEC Asia) 2026 এক্সিবিশন পরিদর্শন করেন। এশিয়ার অন্যতম বৃহৎ এ প্রতিরক্ষা প্রদর্শনীতে আধুনিক যুদ্ধ প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে।
এছাড়া সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান আগামী ২১ এপ্রিল ৮ম পুত্রজায়া ফোরাম-এ অংশ নেবেন। এই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উদীয়মান প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা হবে।
সফরকালে মালয়েশিয়ার বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। আইএসপিআর জানিয়েছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।





