কাল উদযাপিত হবে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আগারগাঁওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক ব্যক্তিরা অংশ নেবেন। এ সময় বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নাবিকদের মধ্যে বীরত্বপূর্ণ ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে মোট ১৪ জনকে বিভিন্ন পদক প্রদান করা হবে।

১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই বাহিনীর আইনগত ভিত্তি গড়ে ওঠে। পরবর্তীতে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি এর যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় একই বছরের ১৯ ডিসেম্বর।

বর্তমানে চারটি জোনে বিভক্ত বাংলাদেশ কোস্ট গার্ড দেশের বিস্তীর্ণ উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা, মৎস্যসম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মাদক প্রতিরোধ, মানবপাচার রোধ, বন্দর নিরাপত্তা এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ কাজে ৬৩টি স্টেশন, ২৮টি জাহাজ ও ১৩৮টি দ্রুতগতির বোট ব্যবহৃত হচ্ছে।

মৎস্যসম্পদ রক্ষায় চলমান অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে, যার ফলে কোটি কোটি টাকার মাছ রক্ষা পেয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি অবৈধ ট্রলিং বোট ও পরিবেশবিনষ্টকারী কার্যক্রম দমনে বাহিনীটি সক্রিয় ভূমিকা রাখছে।

চট্টগ্রামসহ দেশের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বহিঃনোঙ্গরে অগ্নিনির্বাপণসহ বিভিন্ন সফল অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে কোস্ট গার্ড। এছাড়া মানবপাচার, মাদক ও চোরাচালান দমনে হাজারো অভিযান পরিচালনা করা হয়েছে এবং শত শত অপরাধীকে আটক করা হয়েছে।

বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমনে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে উপকূলীয় জনগণ নিয়মিত সহায়তা পাচ্ছে।

সব মিলিয়ে প্রায় তিন দশকের পথচলায় বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন