
অল ক্রাইমস.টিভি ডেস্ক
জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা ও চলমান সংকটের কারণে জ্বালানি নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত ‘ক্যাপস্টোন কোর্স-২০২৬/১’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও উত্তেজনার কারণে জ্বালানিসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও জ্বালানি পরিশোধন সক্ষমতা সীমিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, দেশের একমাত্র বড় পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে সক্ষম। ফলে বাকি জ্বালানি পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার কারণে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
সেনাপ্রধান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতকে কৌশলগতভাবে শক্তিশালী করা জরুরি।





