
অল ক্রাইমস.টিভি ডেস্ক
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার দুঃসাহসিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধারে মধ্য সিঙ্গিমারী গ্রামে অভিযানে যায়। তারা একজন মাদক কারবারিকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে হাতকড়া পরায়। তবে এই খবর ছড়িয়ে পড়লে ওই কারবারির সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং তাদের হেফাজত থেকে হাতকড়াসহ অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায়।
আহত দুই পুলিশ কর্মকর্তা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুনরায় গ্রেপ্তারের সুবিধার্থে এবং তদন্তের স্বার্থে পলাতক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। খুব দ্রুতই ছিনতাই হওয়া আসামিসহ অপরাধীদের আইনের আওতায় আনা হবে।





