
অল ক্রাইমস.টিভি ডেস্ক
অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। আগামী জুলাই থেকে লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করবেন।
বর্তমানে তিনি জয়েন্ট ক্যাপাবিলিটিজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। এই সিদ্ধান্তকে দেশটির প্রতিরক্ষা কাঠামোর একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ১২৫ বছরের সেনা ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনা প্রধান হওয়া একটি ঐতিহাসিক মাইলফলক।
প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সুসান কইলের এই অর্জন ভবিষ্যতে নারীদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে, বিশেষ করে যারা সেনাবাহিনীতে যোগ দিতে চান।
সরকার জানিয়েছে, বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ, এবং ২০৩০ সালের মধ্যে এটি ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া সুসান কইল দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই নিয়োগকে দেশটির সামরিক বাহিনীতে নারীদের নেতৃত্বের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া একইসঙ্গে অস্ট্রেলিয়ার নৌবাহিনীতেও বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন আনা হয়েছে—নতুন প্রধান নিয়োগসহ একাধিক পদে রদবদল করা হয়েছে।





