৩০ কোটি টাকার সেতু পড়ে আছে অকেজো, ভরসা সেই বাঁশের সাঁকো

0

অল ক্রাইমস. টিভি ডেস্ক

নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবগঞ্জ–গোপিনাথপুর বাজার এলাকায় আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় তা এক বছরেও চালু করা সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২১ সালের মার্চে ২৫৯ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৩০ কোটি ৫৯ লাখ টাকার বেশি। ২০২৩ সালের আগস্টে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়। এরপরও জমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব পাশের সংযোগ সড়ক নির্মাণ আটকে থাকায় সেতুটি চালু করা যায়নি।

ফলে সেতুর দুই পাশে এখনো বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। প্রতিদিন শিক্ষার্থীসহ প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ এ পথে চলাচল করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণ করা হলেও এখনো ব্যবহার করা যাচ্ছে না। বর্ষায় নৌকায় পারাপারে ঝুঁকি বাড়ে এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই ভরসা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালুর দাবি জানিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ জমি জটিলতায় আটকে আছে। কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং দ্রুত সেতুটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন