ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব: রয়টার্স

0
সৌদি আরবের একটি ফাইটার জেট। ছবি: এএফপি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরবও গোপনে ইরানে বেশ কিছু হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইজন পশ্চিমা ও দুইজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের আগে রিয়াদ কখনো সরাসরি তেহরানে অভিযান চালায়নি। ফলে এবার ইরানে সৌদি হামলার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে মোকাবিলায় সৌদি আরব আগের তুলনায় বেশি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।

পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মার্চ মাসের শেষ দিকে সৌদি আরবের বিমান বাহিনী এসব হামলা চালায়। এক কর্মকর্তা এটিকে ‘প্রতিশোধের পাল্টা প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছেন। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও সৌদি আরবের কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা করেছিল।

ইরানে সৌদি হামলার লক্ষ্যবস্তু কী ছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলেও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো স্পষ্ট উত্তর দেয়নি। একইভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে। এর বিনিময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পেয়ে থাকে। তবে চলমান এই যুদ্ধ সেই নিরাপত্তা কাঠামোকেই আরও নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন