গরুর হাটে মলম পার্টির খপ্পরে দুই ব্যবসায়ী

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং একদিনেই দুই ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বাজারে গরু বিক্রি করতে এসে প্রতারক চক্রের খপ্পরে পড়েন দুই বিক্রেতা। ভুক্তভোগীদের একজন উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ছলিমুল্লাহ। তিনি ৬১ হাজার টাকায় একটি গরু বিক্রি করার পর মলম পার্টির সদস্যরা কৌশলে তার কাছ থেকে পুরো টাকাটি কেড়ে নেয়। ঘটনার পর শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়া ছলিমুল্লাহ হাটের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

একই সময়ে এবং একই কৌশলে অপর এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ভুক্তভোগী ব্যবসায়ীর নাম বা পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবসায়ীদের মতে, ঈদকে সামনে রেখে একটি সুসংগঠিত প্রতারক চক্র হাটে সক্রিয় হয়ে উঠেছে এবং তারা সহজ-সরল বিক্রেতাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। গরু ব্যবসায়ী শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনের পরিচয় মিললেও অন্য ব্যবসায়ীর বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারছেন না।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনাটি পুলিশের নজরে আসার পরপরই হাট এলাকায় মোবাইল টিম পাঠানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মাঠে কাজ করছে উল্লেখ করে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বড় অঙ্কের নগদ টাকা বহনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন