
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি ম্যাসাজ পার্লারে যৌনকর্মে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশি নারীও।
বুধবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান সুলতান ইসমাইলের একটি ম্যাসাজ পার্লারে এ অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৫ জন বিদেশি নারী, ৫ জন বিদেশি পুরুষ এবং ২ জন স্থানীয় পুরুষকে আটক করা হয়েছে বলে জানান কুয়ালালামপুর অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ। তাদের বয়স ১৯ থেকে ৩৬ বছরের মধ্যে।
আটক নারীদের মধ্যে ছয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভিয়েতনামি, দুইজন বাংলাদেশি এবং একজন করে চীনা ও মঙ্গোলিয়ান নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা সবাই ওই ম্যাসাজ পার্লারে যৌনকর্মী হিসেবে কাজ করছিলেন।
মোহাম্মদ সওপি জানান, পার্লারটি ২৫০ থেকে ৪৫০ রিঙ্গিত মূল্যের ম্যাসাজ প্যাকেজ দিত, যার মধ্যে শুধু যৌন সেবা পাওয়া যেত। এ সেবার মূল্য নির্ধারিত হতো কর্মীদের জাতীয়তার ওপর ভিত্তি করে।
তিনি আরও জানান, পার্লারের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্বে থাকা দুই স্থানীয় পুরুষকে অবৈধ অভিবাসীদের সহযোগিতা, আশ্রয় ও নিয়োগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫৬(১)(ডি) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর ধারা ৩৯(বি) অনুযায়ী পাস বা পারমিটের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, তদন্তে সহায়তার জন্য গ্রাহক ও কর্মচারীদের মধ্যে সাতজনকে সাক্ষী হিসেবে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছে।





