
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারী উদ্যোক্তাদের ভাতার চেক হস্তান্তর করলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল রবিবার জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে ভাতার চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শত টাকার চেক বিতরণ করেন তিনি।
৫টি ভিন্ন ক্যাটাগরি — ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ক্যাটারিং, বিউটিফিকেশন এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স—এ প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে ভাতার মোট ২৪,৯৯,৯০০/- টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে সারা দেশে মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত জাহিদুল ইসলাম বলেন “মানুষ হিসেবে আমাদের কোনো সীমা নেই—আমরা লিমিটলেস। আমাদের একমাত্র সীমাবদ্ধতা হচ্ছে আমাদের ইচ্ছাশক্তি। তাই আমাদের ইচ্ছাশক্তি হতে হবে আকাশসম। নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার এ সুযোগকে কাজে লাগাতে হবে।”
জেলার এই অভিভাবক আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ কেবল ব্যক্তি নয়, বরং সামগ্রিকভাবে সমাজ ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। নারীরা নিজেদের যোগ্যতা, মেধা ও সাহসিকতার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে তৃণমূল থেকেই গড়ে উঠবে এক সমৃদ্ধ বাংলাদেশ।
অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাগন জানিয়েছেন অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণাদায়ক ও হৃদয়স্পর্শী, যা তাঁদের আত্মনির্ভরশীল করে তোলার প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিবে।





