ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নেত্রকোনার পূর্বধলায় নিজ বাবার লালসার শিকার হয়ে ১৫ বছর বয়সী এক কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই জঘন্য অপরাধের অভিযোগে অভিযুক্ত শফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের ঘরুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শফিকুল ইসলাম বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী পশ্চিমপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত এবং পাঁচ মাস আগে সে বাড়িতে ফিরে আসে। আশ্রয়ণ প্রকল্পের সেই ছোট ঘরেই শফিকুল, তার স্ত্রী ও ওই কিশোরী একসঙ্গে বসবাস করতেন। বাড়িতে আসার কয়েক দিন পর থেকেই শফিকুল তার নিজের মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ শুরু করেন এবং এরপর থেকে নিয়মিত ওই কিশোরী তার বাবার পাশবিক নির্যাতনের শিকার হতে থাকে।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন প্রায় দুই মাস আগে কিশোরীটি ময়মনসিংহে এক নারী চিকিৎসকের বাসায় নতুন কাজে যোগ দেয়। সেখানে এক মাস কাজ করার পর তার শারীরিক পরিবর্তন দেখে ওই চিকিৎসকের সন্দেহ হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কিশোরীর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই চাঞ্চল্যকর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত শফিকুল ইসলাম ঘর ছেড়ে পালিয়ে যান। অভিযোগ পাওয়ার পরপরই পূর্বধলা থানা পুলিশের একাধিক টিম অভিযানে নামে এবং ঘরুয়াকান্দা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করতে সক্ষম হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, কিশোরীটি নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শফিকুল ইসলাম নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। বর্তমানে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, জবানবন্দি গ্রহণ ও সকল আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন