
অল ক্রাইমস.টিভি ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঘুরতে গিয়ে দুই স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, যেখানে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ এবং অষ্টম শ্রেণির অন্য ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ফজুরপাড়া থেকে দুই বান্ধবী পার্শ্ববর্তী বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া গ্রামের সহুদেরনালা ও ছদাহার পাহাড়ি মৎস্য প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়। দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে মৎস্য প্রজেক্টের সাতজন শ্রমিক তাদের পথরোধ করে জোরপূর্বক পাহাড়ের গহিনে নিয়ে যায়। সেখানে শ্রমিকরা মিলে নবম শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং অন্য ছাত্রীকে শ্লীলতাহানি করে পাহাড়ের একপাশে আটকে রাখে। বাড়িতে ফিরে ছাত্রীরা বিষয়টি জানালে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পুলিশ দ্রুত অভিযানে নামে।
ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়ার পাহাড় ও সমতলের বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার মৎস্য শ্রমিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—সিন্দুপ্যা পাড়ার ওসমানের ছেলে মো. ছৈয়দ (১৫), শাহ আলমের ছেলে মো. রাকিব (২০), মো. নাছিরের ছেলে মো. মানিক ইসলাম (২০) এবং আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (১৮)। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চারজনই এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত চারজন ছাড়াও বাকি তিন পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে এবং পাহাড়ের দুর্গম এলাকাগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে।





