
অল ক্রাইমস. টিভি ডেস্ক
বরগুনার আমতলীতে নিজের ১৩ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা ওসমান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওসমান মোল্লা গত ১৮ বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে ১৩ বছরের একটি মেয়ে এবং ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, ওসমান দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময়ে তার নিজ কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।
গত ২৪ এপ্রিল রাতে ওসমান মোল্লা পুনরায় তার মেয়েকে ধর্ষণ করলে বিষয়টি তার স্ত্রী টের পেয়ে যান। পরদিন সকালে স্ত্রী ঘটনাটি আত্মীয়-স্বজনদের জানালে অভিযুক্ত বাবা কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার ওসমান মোল্লা পুনরায় বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে ভুক্তভোগী কিশোরীর মা দ্রুত আমতলী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, “ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মেয়েটি আমাদের কাছে একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার কথা স্বীকার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় বুধবার তাকে আদালতে পাঠানো হবে।”
এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





