খারগ দ্বীপে স্থল আগ্রাসনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, বাড়ছে সেনা মোতায়েন

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইরানের খারগ দ্বীপে স্থল হামলার প্রস্তুতি প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে তেহরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর ৩২ দিনেও প্রত্যাশিত ক্ষতি না হওয়ায় এবার স্থল অভিযানের পথে হাঁটছে ওয়াশিংটন।

পশ্চিম এশিয়ায় ইতোমধ্যে প্রায় ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে, যার মধ্যে আড়াই হাজার মেরিন রয়েছে। এতে অঞ্চলটিতে মোট মার্কিন সেনাসংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি আরও ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন।

মার্কিন সংবাদমাধ্যমের মতে, খারগ দ্বীপের তেল মজুদ সুরক্ষা, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া এবং হরমুজ প্রণালিতে প্রভাব কমানো—এই তিন লক্ষ্য সামনে রেখেই এই সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইতোমধ্যে ইউএসএস ত্রিপোলি ও ইউএসএস বক্সারসহ একাধিক যুদ্ধজাহাজ এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাট্রুপার মোতায়েন করা হয়েছে। আরও একটি স্ট্রাইক গ্রুপ অঞ্চলটির উদ্দেশে রওনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইরাক ও আফগানিস্তান যুদ্ধের মতো দীর্ঘ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ধীরগতির কূটনৈতিক আলোচনা চলছে, তেহরান তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে।

এদিকে সম্ভাব্য স্থল আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই রাজনৈতিক বিরোধ বাড়ছে। ইরানও হুঁশিয়ারি দিয়েছে—এ ধরনের পদক্ষেপ নিলে কঠোর জবাব দেওয়া হবে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন