
অল ক্রাইমস.টিভি ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাটিতে পুঁতে রাখা নিখোঁজ মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল চারটার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ও ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের সীমান্তবর্তী জ্যোতিন বোদ্যিরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পরশউল্লাহ পাড়া এলাকার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) এবং তাঁদের চার বছর বয়সী কন্যাসন্তান সামিয়া আক্তার। নিহতের স্বামী আমজাদ শেখ জানিয়েছেন, গত ৪ মে চর দৌলতদিয়া হাট এলাকার এক আত্মীয়ের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে যাওয়ার পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়ার কালিতলা গ্রামে জনৈক হাকিম উল্লাহর পুকুরপাড়ে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় সেখান থেকে তীব্র দুর্গন্ধ আসায় তাঁরা উৎস খুঁজতে গিয়ে মাটির বাইরে মানুষের একটি পা বেরিয়ে থাকতে দেখেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে প্রথমে শিশুটির এবং পরে মায়ের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলটি রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী হওয়ায় এবং ফরিদপুরের কোতোয়ালি থানার আওতাভুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় উভয় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছান। মরদেহ দুটির সুরতহাল ও পরবর্তী আইনগত প্রক্রিয়া কোন থানার অধীনে সম্পন্ন হবে, তা নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





