মহাসড়কে চলার দাবিতে থ্রি-হুইলার চালকদের সড়ক অবরোধ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মহাসড়কে চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে বরিশালে বাস শ্রমিক ও থ্রি-হুইলার চালকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর সদর রোডে থ্রি-হুইলার চালকদের আকস্মিক অবরোধে অচল হয়ে পড়ে নগরীর প্রধান ব্যস্ততম সড়ক।

ঘটনার সূত্রপাত বুধবার রাতে, যখন রূপাতলী বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী থ্রি-হুইলারকে মহাসড়কে উঠতে বাধা দেয় বাস শ্রমিকরা। চালকদের দাবি, বাস শ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়ে ৪-৫টি গাড়ি ভাঙচুর করেছে এবং কয়েকজন চালককে আহত করেছে। অন্যদিকে, বাস শ্রমিকদের অভিযোগ—উচ্চ আদালতের নিষেধাজ্ঞা মেনে থ্রি-হুইলার চলাচলে বাধা দিলে উল্টো চালকরাই জোটবদ্ধ হয়ে বাস ভাঙচুর করেছে। এই ঘটনার প্রতিবাদে এবং মহাসড়কে বাধাহীন চলাচলের দাবিতে বৃহস্পতিবার বিকেল ৫টায় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেয় থ্রি-হুইলার চালকরা।

প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে চালকরা সড়ক ছেড়ে দেন। এদিকে, বরিশাল বিভাগীয় সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ মহাসড়কে দুর্ঘটনার জন্য থ্রি-হুইলারকে দায়ী করে এগুলো বন্ধে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন