স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: সিলিং ফ্যানে মিলল ঝুলন্ত মরদেহ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় নিজ ঘর থেকে রাই কর্মকার (১৬) নামে এক মেধাবী স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাই কর্মকার স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকারের মেয়ে এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও রাই কোচিং বা প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট শেষ করে বাসায় ফেরার কিছুক্ষণ পরই দোতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় তার দেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে দশম শ্রেণির এই শিক্ষার্থী কেন এমন চরম পথ বেছে নিল, সে সম্পর্কে তার পরিবার বা সহপাঠীরা কোনো ধারণা দিতে পারেনি। নিহতের মা শিল্পী কর্মকার মেয়ের অকাল মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন। শোকাতুর এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঝিলন সিকদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন