হামের বদলে জলাতঙ্কের টিকা: ৩৪ দিনের শিশুর জীবন নিয়ে ছিনিমিনি

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুরে ৩৪ দিনের এক শিশুকে হামের পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের (র‍্যাবিক্স) টিকা দেওয়ার ঘটনায় স্বাস্থ্য খাতের গাফিলতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন ও রুল জারি করেছেন।

আদালতের নির্দেশে বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ও ঝুঁকিপূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে এবং আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার উপযুক্ত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ভুল টিকা প্রয়োগের মাধ্যমে শিশুর জীবন ঝুঁকিতে ফেলার দায়ে ওই পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে হামের টিকা দিতে শিশুকে নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর এই টিকা দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিয়মবহির্ভূতভাবে পিআরএলে (অবসরোত্তর ছুটি) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে এই টিকা প্রয়োগ করান। কাইয়ুম হামের টিকার পরিবর্তে শিশুকে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে দেন।

ভুল টিকা প্রয়োগের বিষয়টি বুঝতে পেরে পরিবার প্রতিবাদ করলে স্বাস্থ্যকর্মীরা তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। ৩৪ দিনের এক দুগ্ধপোষ্য শিশুকে উচ্চমাত্রার ভুল ভ্যাকসিন দেওয়ার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আদালতের এই হস্তক্ষেপের পর এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশা করছেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন