খালি সরকারি জমিতে সোলার বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সরকার দেশের অব্যবহৃত সরকারি জমি ব্যবহার করে বড় আকারের সোলার বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা খালি জমি চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার পাওয়ারকে সবচেয়ে কার্যকর ও টেকসই সমাধান হিসেবে দেখা হচ্ছে। এজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এসব জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, যমুনা নদীর তীরবর্তী ভাঙনে সৃষ্ট খাস জমি এবং রেলওয়ে সহ বিভিন্ন সংস্থার অব্যবহৃত জমিও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এসব জমি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে বিদ্যমান সংকট, ডলার ঘাটতি ও বকেয়ার চাপ থাকলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। একইসঙ্গে বড় পরিসরে সোলার প্রকল্প বাস্তবায়নে সরকার প্রণোদনা ও কর সুবিধা দেওয়ার পরিকল্পনাও করছে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, ১৫–২০ বছরের জন্য সরকারি জমি ব্যবহার করে বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে সোলার প্রকল্প চালুর একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। প্রথম পাইলট প্রকল্প ইতোমধ্যে ফেনীর সোনাগাজীতে শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বড় ধরনের অগ্রগতি আসতে পারে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন