ধর্মীয়স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

0

অল ক্রাইমস. টিভি ডেস্ক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ধর্মীয় স্থান, স্কুল ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তিনি নির্দেশনা জারি করে জানান, এসব সংবেদনশীল স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না।

সরকারি মদ বিক্রয় প্রতিষ্ঠান ‘তাসমাক’ পরিচালিত এই দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকানের মধ্যে ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা এসব দোকানই বন্ধ হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ু সরকার ২০২৫ সালে মদ বিক্রি থেকে প্রায় ৪৮ হাজার কোটি টাকা আয় করেছিল। তবে জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে স্পর্শকাতর এলাকাগুলোর দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নির্বাচনের আগে থালাপতি বিজয় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি রাজ্যকে ‘মাদকমুক্ত’ করার উদ্যোগ নেবেন। এবারের বিধানসভা নির্বাচনে তার দল ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। পরে অন্যান্য দলের সঙ্গে জোট করে তিনি সরকার গঠন করেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন