
অল ক্রাইমস.টিভি ডেস্ক
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের ছাদে গড়ে তোলা একটি মুরগির খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী ও স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের মতো একটি স্পর্শকাতর জায়গায় এমন বাণিজ্যিক খামার গড়ে তোলার ঘটনায় সচেতন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
হাসপাতালের মূল ভবনের ঠিক পাশেই অবস্থিত আবাসিক ভবনের ছাদে প্রায় শতাধিক ব্রয়লার মুরগির এই খামারটি গড়ে তোলেন হাসপাতালেরই আয়া পলি খাতুন। খামারের ঠিক পাশেই রয়েছে গাইনি বিভাগ এবং অপারেশন থিয়েটার। বাতাস হলেই মুরগির বিষ্ঠার তীব্র দুর্গন্ধ প্রসূতি মা ও নবজাতকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ বিষয়ে আয়া পলি খাতুন স্বীকারোক্তিতে জানান, তিনি প্রায় এক মাস ধরে সেখানে খামার পরিচালনা করছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগে থেকেই জানিয়েছিলেন।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার বিষয়টি পুরোপুরি জানেন না বলে দাবি করেছেন। তিনি জানান, ভবনটি পরিত্যক্ত থাকায় এবং মাদকাসক্তদের হাত থেকে রক্ষা করতে পলি খাতুনকে সেখানে থাকতে দেওয়া হয়েছিল। ছাদে খামার তৈরির বিষয়টি সম্প্রতি জানার পর তিনি পলি খাতুনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন নিশ্চিত করেছেন যে, অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই মুরগিগুলো সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।





